বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত,  নিহত ১৫

বলিভিয়ায় টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

ফন্ট সাইজ:

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা ভর্তি একটি সামরিক কার্গো বিমান। বিমানটি কিছু যানবাহনের উপর পড়ে। এই ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ এ দুর্ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী সংলগ্ন এল আলতো শহরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে পাশের মহাসড়কে বিধ্বস্ত হয়। এর পরপরই সেটিতে আগুন ধরে যায়।
যদিও বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন।


এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়,  প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ওই ব্যাংকনোটগুলো কেনা বেচা করা যাবে না।  সেগুলো সংগ্রহ বা ব্যবহার করা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।

আরেক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকা এবং কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু মানুষ দুর্ঘটনাস্থলে গিয়ে ব্যাংকনোটগুলো নেয়ার চেষ্টা করেছিলেন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন