স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তা সেজে বাড়ি বাড়ি গিয়ে প্রতারণা, অস্ট্রেলিয়াজুড়ে সতর্কতা

প্রতারকদের নতুন কৌশল

স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তা সেজে বাড়ি বাড়ি গিয়ে প্রতারণা, অস্ট্রেলিয়াজুড়ে সতর্কতা

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের (ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স) কর্মকর্তা পরিচয়ে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত, বায়োমেট্রিক তথ্য ও অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে প্রতারক চক্র। এমন ঘটনার খবর পাওয়ার পর দেশজুড়ে কমিউনিটি সতর্কতা জারি করেছে অস্ট্রেলিয়া স্বরাষ্ট্র দপ্তর। দপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক কমিউনিটি সতর্কবার্তায় বলা হয়, সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ বাসায় এলে কোনো তথ্য বা অর্থ দেওয়া যাবে না। এবং সন্দেহজনক যেকোনো ঘটনা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্ক্যামওয়াচে জানাতে হবে।
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রতারকেরা নিজেদের সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে জাল পরিচয়পত্র বা নথিপত্র প্রদর্শন করতে পারে। এরপর তারা বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করতে পারে যে সরকারি যাচাই–বাছাই বা তদন্তের অংশ হিসেবে কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ সময় তারা ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য, পাসপোর্ট বা অন্যান্য পরিচয়পত্র, আঙুলের ছাপ, ছবি কিংবা অন্য কোনো বায়োমেট্রিক তথ্য এবং অর্থ বা ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য চাইতে পারে। তবে স্বরাষ্ট্র দপ্তর জোর দিয়ে বলেছে, তাদের প্রকৃত কর্মকর্তারা মানুষের বাড়িতে গিয়ে ছবি, আঙুলের ছাপ বা অন্য কোনো বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেন না। এমনকি বাড়িতে গিয়ে ব্যক্তিগত বা আর্থিক তথ্যও চাওয়া হয় না। তাই সরকারি কর্মকর্তা পরিচয়ে কেউ এ ধরনের তথ্য চাইলে তাকে সন্দেহ করার আহ্বান জানানো হয়েছে।

কমিউনিটি সতর্কবার্তায় স্বরাষ্ট্র দপ্তর বলেছে, কোনো ব্যক্তি যদি স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি দাবি করে বাড়িতে আসেন তাহলে তার পরিচয় নিশ্চিত না হয়ে কোনো তথ্য দেওয়া যাবে না। অপরিচিত কাউকে সরকারি কর্মকর্তা পরিচয়ে ঘরে প্রবেশের অনুমতিও না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো অবস্থাতেই নগদ অর্থ বা আর্থিক তথ্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র দপ্তর কয়েকটি পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধি বলে দাবি করা যেকোনো অপ্রত্যাশিত ফোন, ই–মেইল, বার্তা বা সরাসরি যোগাযোগের সত্যতা যাচাই করা ব্যক্তিগত, পরিচয় সংক্রান্ত বা আর্থিক তথ্য শেয়ার না করা এবং সন্দেহজনক ঘটনা স্থানীয় পুলিশ ও স্ক্যামওয়াচে জানানোর আহ্বান করা হয়েছে।
দপ্তরটি আরও বলেছে, কেউ যদি স্বরাষ্ট্র দপ্তরের নাম ব্যবহার করে ফোন, ই–মেইল বা বার্তা পাঠায়, তাহলে সেটিও প্রতারণার অংশ হতে পারে। এ ধরনের যোগাযোগ পেলে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজন হলে সরাসরি স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা নিশ্চিত করতে হবে।
সম্প্রতি বহুসাংস্কৃতিক সম্প্রদায়কে লক্ষ্য করে বিভিন্ন ধরনের প্রতারণার ঘটনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে অভিবাসন, ভিসা, নাগরিকত্ব এবং সরকারি সেবাসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতারকেরা মানুষের মধ্যে থাকা উদ্বেগ ও অনিশ্চয়তার সুযোগ নেয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে তারা সরকারি সংস্থার প্রতিনিধি পরিচয় দিয়ে মানুষের বসবাসের বৈধতা, নাগরিকত্বের আবেদন কিংবা আইনি বাধ্যবাধকতার কথা বলে ভয় দেখিয়ে তথ্য বা অর্থ আদায়ের চেষ্টা করে।
এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র দপ্তর বলেছে, সরকারি কর্মকর্তা পরিচয়ে কোনো সন্দেহজনক যোগাযোগ বা প্রতারণার চেষ্টা হলে তা অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশনের (এসিসিসি) স্ক্যামওয়াচ সেবায় জানাতে হবে। স্ক্যামওয়াচের ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ করা যাবে। এবং একই সঙ্গে প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও বিষয়টি অবহিত করার পরামর্শ দিয়েছে দপ্তরটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন