হলিউড অভিনেত্রী গুইনেথ প্যালট্রো সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি আরও বিস্তৃত করেছেন। এবার টিকটকে যোগ দিয়েছেন তিনি। কিন্তু প্রথম পোস্টেই তিনি বিছানায় টাপলেস। বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিওর সমন্বয় করা হয়েছে এতে। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে- ৫৩ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেত্রী সম্প্রতি একটি ইসরাইলি বিজ্ঞাপনে অংশ নেয়ায় সমালোচনার মুখে পড়েন।
নিজের প্রথম টিকটক পোস্টে প্রকাশিত দুটি দৃশ্যে টপলেস অবস্থায় দেখা দিয়েছেন তিনি। একটি দৃশ্যে বিলাসবহুল সাদা চাদরে মোড়া বিছানায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। সেখানে তিনি সোনালি ফ্রেমের অ্যাভিয়েটর চশমা ও মানানসই সোনালি দুল পরেন। আরেকটি দৃশ্যে তাকে বাথটাবে বিশ্রাম নিতে দেখা যায়। সে সময় তার চুল পেছনে বাঁধা ছিল এবং তিনি কালো ফ্রেমের অ্যাভিয়েটর চশমা পরেছিলেন।
ভিডিওর বিভিন্ন অংশে প্যালট্রো বারবার বলেন, ‘এক সেকেন্ড, আমি শুধু একটা টিকটক করছি।’ তিনি একই বাক্য বিভিন্ন ভাষায়ও উচ্চারণ করেন।
ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটির একটি ঝলক শেয়ার করে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে, আমি এখন টিকটকে আছি।’ ভিডিওতে তাকে হেলিকপ্টার, নৌকা, বাগান এবং ব্যক্তিগত বিমানে বসেও একই সংলাপ বলতে দেখা যায়। প্রয়াত পরিচালক ব্রুস প্যালট্রো ও অভিনেত্রী ব্লাইথ ড্যানারের মেয়ে গুইনেথ প্যালট্রো বর্তমানে তার ওয়েলনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড গুপ পরিচালনা করছেন।
তবে গত বছর তিনি আবার বড় পর্দায় ফিরে আসেন ‘মার্টি সুপ্রিম’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। ২০২৪ সালে এই ছবির শুটিং চলাকালে সহ-অভিনেতা তিমোথি শ্যালামের সঙ্গে তার চুম্বনের দৃশ্যের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
২০২৫ সালের ডিসেম্বরে ছবিটি মুক্তির আগে গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে গিয়ে তিনি পরিচালক জশ সাফদির এই চলচ্চিত্রে নিজের চরিত্র সম্পর্কে বলেন, আমি এখানে একজন অবসরপ্রাপ্ত চলচ্চিত্র তারকার চরিত্রে অভিনয় করেছি। তিমোথির চরিত্রটি নানা দিক থেকেই আমার চরিত্রের জৌলুস নিজের মধ্যে নেয়ার চেষ্টা করেছি।’ ভাইরাল হওয়া চুম্বনের ছবির প্রসঙ্গ টেনে তিনি হাস্যরস করে বলেন, ‘পার্কে আমাদের চুম্বনের পাপারাজ্জিদের তোলা ছবি প্রকাশের পর আমার মায়েদের গ্রুপ চ্যাটগুলো দেখলে অবাক হতেন। সবাই ভীষণ উচ্ছ্বসিত ছিল।’
চলতি বছরের জুনের শুরুতে প্যালট্রো একটি ইসরাইলি আবাসন প্রকল্পের প্রচারণায় অংশ নেয়ার পর সমালোচনার মুখে পড়েন। বিজ্ঞাপনটিতে তাকে একটি বহুতল ভবনের অ্যাপার্টমেন্টে ঘুম থেকে উঠে দিনের প্রস্তুতি নিতে দেখা যায়। একই সঙ্গে তিনি পার্কের কাছাকাছি বসবাসের বিভিন্ন সুবিধার কথা বলেন। ভিডিওতে তিনি বলেন, ‘বিশ্বের সবচেয়ে আইকনিক ভবনগুলোর অনেকগুলোই একটি পার্কের পাশে থাকার কারণ আছে।’ এরপর তিনি চালককে তাকে ‘৫১ পার্ক’-এ নিয়ে যেতে বলেন। এটি ইসরাইলের সমৃদ্ধ শহর হার্জলিয়া’তে অবস্থিত একটি বিলাসবহুল আবাসন প্রকল্প। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আভিভ মেলিসরনের সঙ্গে তার এই অংশীদারিত্ব সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অনেকেই অভিযোগ করেন, এর মাধ্যমে তিনি গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন।
গুইনেথ প্যালট্রোর সাবেক স্বামী কোল্ডপ্লে ব্যান্ডের গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে তার দু’টি সন্তান রয়েছে। তারা হলেন ২২ বছর বয়সী মেয়ে অ্যাপল এবং ২০ বছর বয়সী ছেলে মোজেস। ২০১৮ সাল থেকে তিনি টেলিভিশন প্রযোজক ব্র্যাড ফ্যালচুকের সঙ্গে বিবাহিত জীবন কাটাচ্ছেন।
