বিরোধিতার মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা

বিরোধিতার মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা

ফন্ট সাইজ:

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা পুরুষ ও নারী বিশ্বকাপসহ তাদের প্রধান টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা বাতিল করেছে। তীব্র আন্তর্জাতিক বিরোধিতার মুখে শনিবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা দেন, এই প্রস্তাব আর এগিয়ে নেয়া হবে না। এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, পরিকল্পনাটি ফিফার ভেতরে বিভাজন সৃষ্টি করেছে। এটি আর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই প্রস্তাবটি প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য দেশের ফুটবল ফেডারেশনকে প্রস্তাব সমর্থনের বিনিময়ে ৪ কোটি ডলার দেয়ার প্রস্তাব দেন। এর মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার বড় প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অংশীদারিত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা ছিল। এমন সব কার্যক্রমের কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী নির্বাচনে তার পুনরায় নির্বাচিত হওয়া এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন।

ইউরোপ-এশিয়া-আমেরিকার বিরোধিতা
পরিকল্পনার বিরুদ্ধে প্রথম থেকেই অবস্থান নেয় ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। বৃহস্পতিবার উয়েফার ৫৫টি সদস্য দেশ প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতের বিশ্বকাপ বয়কট করার পক্ষে ভোট দেয়। এরপর উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফও পরিকল্পনা প্রত্যাখ্যান করে। পরে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) উয়েফা ও কনকাকাফের প্রতি সংহতি প্রকাশ করে। ফলে ২১১ সদস্যের মধ্যে অন্তত ১৩৬টি ভোট পরিকল্পনার বিপক্ষে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, যা প্রস্তাব পাস হওয়ার পথ কার্যত বন্ধ করে দেয়।

ফিফার ভেতরেও শুরু হয় বিদ্রোহ
বিতর্কের জেরে ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। তিনি পরিকল্পাটিকে ‘ফুটবলের জন্য খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এটি ভবিষ্যৎ ফুটবলকে বন্ধক রাখার শামিল। ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুরও বলেন, সংস্থার প্রশাসনকে এ প্রকল্প সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছে। তার ভাষায়, এটি একজন ব্যক্তির প্রকল্প ছিল। একজন সভাপতির কাজ সবাইকে একত্রিত করা। কিন্তু এখানে ঘটেছে ঠিক উল্টোটা।

কী ছিল ইনফান্তিনোর পরিকল্পনা?
ফিফা একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিপ্রআজি (এফএফই) গঠনের পরিকল্পনা করে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অধিকার পরিচালিত হতো এবং বাইরের বিনিয়োগকারীরা এতে অল্প অংশীদারিত্ব কিনতে পারতেন। বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের প্রস্তুত করা ২৫ পৃষ্ঠার একটি নথিতে দাবি করা হয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৫-২০৩৯ চক্রে সদস্য ফেডারেশনগুলোর আর্থিক প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে। প্রস্তাবিত বিনিয়োগকারী দলের নেতৃত্ব দেয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রিভ এটারনালের। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের ভাই।

ইনফান্তিনোর ভবিষ্যৎ অনিশ্চিত
২০১৬ সাল থেকে ফিফার সভাপতি থাকা ৫৬ বছর বয়সী ইনফান্তিনো আগামী মার্চে মরক্কোতে অনুষ্ঠেয় ফিফার ৭৭তম কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য পুনঃনির্বাচনে লড়বেন। এর আগে ধারণা করা হচ্ছিল, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হবেন। তবে এই বিতর্কের পর সদস্য দেশগুলোর সমর্থন কতটা ধরে রাখতে পারবেন, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, তার উদ্দেশ্য ছিল বিশেষ করে আর্থিকভাবে দুর্বল দেশগুলোর ফুটবল উন্নয়নে সহায়তা করা। তবে এখন তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও একসঙ্গে এনে ফুটবলের স্বার্থে ঐক্য গড়ে তোলার চেষ্টা করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন