ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যন্তর মন্তরে প্রশ্নফাঁসের অভিযোগে চলা ছাত্র আন্দোলনের সময় তাকে লক্ষ্য করে দেয়া আপত্তিকর স্লোগান নিয়ে সংযম ও ক্ষমার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গালাগাল দিয়ে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। আমি তাদের ক্ষমা করতে চাই।
শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, যন্তর মন্তরে যা ঘটেছে, তা দেশ-বিদেশের মানুষ দেখেছে। তার ভাষায়, কিছু বিভ্রান্ত তরুণ এমন ভাষা ব্যবহার করেছে, যার কোনো সভ্য সমাজে স্থান নেই। শুধু আমাকেই নয়, আমার প্রয়াত মাকেও গালাগাল করা হয়েছে।
এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলছে, গত ২৩শে জুলাই দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত প্রশ্নফাঁসবিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ২৫ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে।
মোদি বলেন, রাগ বা প্রতিশোধ নয়, বরং তরুণদের ভুল শুধরে দেয়াই উচিত। শৈশবে ভুল হয়, আর সেই সময়ই ভুল সংশোধনের সুযোগও থাকে। সমাজে ক্ষোভ আছে, আমি তা বুঝি। কিন্তু এখন এই সন্তানদের আপন করে নিয়ে সঠিক পথ দেখানোর সময়। তারা পথভ্রষ্ট হয়েছে। তাদের আদালতে টেনে নিয়ে যাওয়া বা হয়রানি করলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না।
তিনি আরও বলেন, আমি তাদের ক্ষমা করতে চাই। সমাজকেও আমার এই আহ্বান গ্রহণ করার অনুরোধ করছি। গালাগাল কখনো সমাধান নয়। যারা পথ হারিয়েছে, তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আসুন, আমরা সবাই মিলে ভারতের জন্য কাজ করি।
বিক্ষোভে মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনার পর উত্তর প্রদেশের নয়ডার এক্সপ্রেসওয়ে থানায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়। এতে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) ও ৩৫৬(১) ধারায় শান্তিভঙ্গে উসকানি, জনমনে অশান্তি সৃষ্টিকারী বক্তব্য এবং মানহানির অভিযোগ আনা হয়। পরে ঘটনাস্থল দিল্লির আওতাভুক্ত হওয়ায় তদন্তের জন্য মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, ব্যবহৃত ভাষা আপত্তিকর হয়ে থাকলেও শুধু বক্তব্যের কারণে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফৌজদারি আইন প্রয়োগ করা উচিত নয়। তার ভাষায়, কোনো ব্যক্তি যদি মনে করেন তাকে মানহানি করা হয়েছে, তাহলে তিনি দেওয়ানি বা ফৌজদারি মানহানির মামলা করতে পারেন। কিন্তু বিক্ষোভকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের ফৌজদারি ব্যবস্থা ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। শুধু আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য কাউকে শাস্তি দেয়া উচিত নয়।
