চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পর্ষদের সভাপতি পদকে কেন্দ্র করে আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল সভাপতি পদ দখলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শিক্ষা কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীর পাঠদানের পাশাপাশি উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি এবং ২০২৩ সালে অধ্যক্ষ মো. নাসির উদ্দিন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী বর্তমানে প্রশাসন, উচ্চশিক্ষা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত রয়েছেন। অধ্যক্ষ মো. নাসির উদ্দিন জানান, ২০০৫ সাল থেকে তিনি দায়িত্ব পালন করছেন। তার দাবি, পরিচালনা পর্ষদ গঠনকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার চাপ, অপপ্রচার ও নানা জটিলতার মুখোমুখি হতে হয়েছে। সভাপতি নির্বাচন একটি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা বোর্ড ও প্রশাসনের অনুমোদনের ভিত্তিতে সম্পন্ন হলেও একটি পক্ষ চাপ প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পেতে চায়। তিনি আরও বলেন, সভাপতি পদ নিয়ে বারবার অস্থিরতা সৃষ্টি করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা চাই, নিয়ম অনুযায়ী কমিটি গঠন হোক এবং প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হোক।
