বেরোবি’র তিন হলে ২৬ প্রভোস্ট, বছরে ভাতায় ব্যয় ১২ লাখ ৪৮ হাজার টাকা

ফন্ট সাইজ:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাত্র ৮২০ আসনের তিনটি আবাসিক হল পরিচালনায় দায়িত্ব পালন করছেন ২৬ জন প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট। তাদের ভাতা বাবদ বছরে ব্যয় হচ্ছে ১২ লাখ ৪৮ হাজার টাকা। তবে এত ব্যয়ের পরও আবাসিক হলগুলোর পরিবেশ, নিরাপত্তা ও সেবার মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ রয়েই গেছে। এতে এ ব্যয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শহীদ মুখতার ইলাহী হলে একজন প্রভোস্ট ও ৮ জন সহকারী প্রভোস্ট, বিজয়-২৪ হলে একজন প্রভোস্ট ও ৯ জন সহকারী প্রভোস্ট এবং শহীদ ফেলানী হলে একজন প্রভোস্ট ও ৬ জন সহকারী প্রভোস্ট দায়িত্ব পালন করছেন।

তিনটি হলে মোট আসন সংখ্যা ৮২০। এর মধ্যে শহীদ মুখতার ইলাহী হলে ২৪০, বিজয়-২৪ হলে ২৪০ এবং শহীদ ফেলানী হলে ৩৪০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছেন। ছেলেদের হলগুলোতে আবাসিক শিক্ষক থাকার ব্যবস্থা না থাকলেও সম্প্রতি মেয়েদের হলে একজন আবাসিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। তিনি ইতিমধ্যে হলে অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন হলের প্রভোস্ট ড. সিফাত রুমানা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রত্যেক প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট মাসে ৪ হাজার টাকা করে ভাতা পান। সে হিসাবে ২৬ জনের জন্য প্রতি মাসে ব্যয় হয় ১ লাখ ৪ হাজার টাকা এবং বছরে ১২ লাখ ৪৮ হাজার টাকা। শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলগুলোতে প্রভোস্টদের আবাসিকভাবে থাকার কোনো ব্যবস্থা নেই। ফলে অফিস সময়ের পর জরুরি পরিস্থিতিতে দায়িত্বশীল কাউকে পাওয়া যায় না। এতে হল ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে।

তারা বলেন, প্রশাসনিক ব্যয় বাড়লেও আবাসিক সেবার মানে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মকর্তা বলেন, মাত্র ৮২০ আসনের জন্য ২৬ জন প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট নিয়োগ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অস্বাভাবিক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এ বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষকের কোনো ব্যবস্থা ছিল না। এখন শিক্ষক ডরমিটোরিতে জুনিয়র শিক্ষকদের থাকার সুযোগ দেয়া হচ্ছে। এতে যেকোনো সময় শিক্ষকদের পাওয়া যাবে। এরপরও যদি শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সেবা না পায়, তাহলে বিষয়টি অবশ্যই বিবেচনায় নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন