গাজীপুরে শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামি মো. শহিদ মিয়া (৫৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০শে জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার দক্ষিণ ভান্নারা এলাকায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে শহিদ মিয়া। এ ঘটনায় শিশুটির মা কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ধর্ষণচেষ্টার মামলা রুজু করে। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সুনির্দিষ্ট তথ্যের আলোকে বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকার রাফি স্টোরের সামনে অভিযান চালিয়ে পলাতক আসামি শহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন