ফ্যামিলি বাথরুমে ৭ ফুটের লম্বা কুমির, আতঙ্ক

ফ্যামিলি বাথরুমে ৭ ফুটের লম্বা কুমির, আতঙ্ক

ফন্ট সাইজ:

ভারতের গুজরাটের আনন্দ জেলায় চলতি সপ্তাহের শুরুর দিকে এক পরিবারের বাথরুমে গভীর রাতে সাত ফুট লম্বা একটি কুমির ঢুকে পড়েছে। এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার (৩১ জুলাই) এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
ঘটনার শিকার ওই বাড়ির মালিক বালাভাই চৌহান জানান, রাতের বেলা বাড়ির বাইরে কুকুরগুলোর অস্বাভাবিকভাবে একটানা ঘেউ ঘেউ করার শব্দ শুনে তিনি বাইরে বের হন। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি বাথরুমের ভেতরে বিশাল আকৃতির একটি কুমির দেখতে পান।

হঠাৎ এমন দৃশ্য দেখে পরিবারের সদস্যরা ভীত হয়ে পড়েন। ওই ঘটনার পরপরই তারা বন বিভাগে খবর দেন। বন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় একটি বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থার স্বেচ্ছাসেবকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর তারা নিরাপদে কুমিরটিকে উদ্ধার করেন।

পরে কুমিরটিকে কাছের একটি পুকুরে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার অভিযানের একটি ভিডিওতে দেখা যায়, দড়ির ফাঁস ও একটি লম্বা লাঠির সাহায্যে একজন ব্যক্তি কুমিরটিকে অগোছালো বাথরুম থেকে বাইরে বের করার চেষ্টা করছেন। এ সময় বাথরুমের মেঝেতে কাপড়সহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

অঞ্চলটির বন বিভাগের কর্মকর্তারা জানান, বর্ষাকালে এ ধরনের ঘটনা তুলনামূলক বেশি ঘটে। ভারী বৃষ্টিতে নদী-খাল ও জলাশয়ের পানির স্তর বেড়ে গেলে কুমিরগুলো তাদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে বেরিয়ে আসে।

খাদ্যের সন্ধান কিংবা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য তারা অনেক সময় আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে।

কর্মকর্তারা আরও জানান, ঘটনাস্থলের পাশের মালাতাজ গ্রামে একটি পুকুর রয়েছে, যেখানে ১০০টিরও বেশি কুমিরের বসবাস। তাই ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার সময় এসব কুমিরের সড়ক কিংবা মানুষের বাড়িঘরে চলে আসার ঝুঁকি বেড়ে যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন