কর্ণফুলীতে মসজিদের জায়গা দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

কর্ণফুলীতে মসজিদের জায়গা দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় অবস্থিত হাফেজ আব্দুল করিম শাহী জামে মসজিদ (প্রকাশ মাওলানা জামাল শাহ মসজিদ)-এর জায়গা দখলের চেষ্টা, মসজিদের নাম পরিবর্তন ও পূর্বের নাম মুছে ফেলা, মুসল্লিদের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন এলাকার কয়েকশ’ মুসল্লি, স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বহু বছর ধরে প্রতিষ্ঠিত হাফেজ আব্দুল করিম শাহী জামে মসজিদের প্রকাশ মাওলানা জামাল শাহ মসজিদের জায়গা একটি স্বার্থান্বেষী মহল জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। একইসঙ্গে মসজিদের ঐতিহ্যবাহী নাম পরিবর্তন করে পূর্বের পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যা ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত হেনেছে। বক্তারা আরও বলেন, এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে শান্তিপূর্ণ মুসল্লিদের ওপর হামলা চালানো হয়। পরে উল্টো নিরীহ মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এ ধরনের কর্মকাণ্ড এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

তাদের দাবি, এটি শুধু একটি মসজিদের বিষয় নয়, এটি ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও মানুষের অধিকার রক্ষার বিষয়। যারা মসজিদের জায়গা দখল, নাম পরিবর্তন এবং মুসল্লিদের ওপর হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নিরপরাধ মুসল্লিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় এসবের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ, স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সদস্য দীল আহমদ শাহিন, আবদুল গফুর মেম্বার, আবদুল মজিদ, রফিক আহমদ, জাহাঙ্গীর আলম পাটোয়ারী মেম্বার, নুর হোসেন, আলমগীর বাদশা, ইলিয়াস হাবিব, মো. কায়সার পাটোয়ারী, সাহাব উদ্দিন শিহাব। এ ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য মো. নাছির, চরপাথরঘাটা ৬নং ওয়ার্ডের ইউপি আব্দুন নুর, চরলক্ষা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশ নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন