পান থেকে চুন খসলেই এলাকার যে কারও বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল বিকালে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় আবুল কাশেমের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। অভিযুক্ত আবুল কাশেম স্থানীয় মৃত নজির আহমদের ছেলে। মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুব আলম, মঞ্জুর আলম, জালাল উদ্দীন, মো. জুয়েল প্রমুখ।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ-পরিচালক নবিদুর রহমান, সাবেক চট্টগ্রাম বন্দর কর্মকর্তা শাহাব উল্লাহ বাহার প্রমুখ। বক্তারা বলেন, কাউকে মামলা ও মিথ্যা অভিযোগে হয়রানি করতে সুনির্দিষ্ট কারণ লাগে না শুধু মতের অমিল বা ওর জমির আশপাশে জমি থাকলে যথেষ্ট। অভিযুক্ত আবুল কাশেম (৬৫) যৌবনেও এমন ছিলেন, মানুষের সঙ্গে মারামারি করে উল্টো মামলা দায়ের করতেন। ১৯৮৫ সালে মদন মিয়া নামের এক ব্যক্তিকে মিথ্যা মামলায় আসামি ও গ্রেপ্তারপূর্বক পুলিশ দিয়ে নির্মমভাবে প্রহার করিয়েছিল।
রাগের বশে মদন মিয়া শপথ করেছিল কাশেমকে হত্যা করবে তখন প্রাণ ভয়ে সৌদি আরব চলে যান। আট বছর আগে বিদেশে থেকে একেবারে চলে আসেন। আসার থেকে অন্তত অর্ধশত মানুষকে মিথ্যা মামলা ও থানায় মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন। যার মধ্যে চারজন প্রবাসী। তারা এখন দেশে আসতেও ভয় পাচ্ছেন। অভিযুক্ত আবুল কাশেমের মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় দিলে ভুল নম্বরে কল করেছেন বলে কেটে দেন।
