এনজিও’র মাধ্যমে গরু দেয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে মোহাম্মদ আলী জিন্নাহ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশিষ রায়। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জিন্নাহ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার সাবেক মেম্বার মরহুম বদিউজ্জামাল বদির ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে বিভিন্ন ব্যক্তিকে এনজিও থেকে গরু পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন তিনি। কিন্তু ভুক্তভোগীদের টাকা ফেরত দেয়ার আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি।
একপর্যায়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। টানা অনুপস্থিতির কারণে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ থেকে তার বেতন-ভাতাসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাওনা টাকা না পেয়ে এবং তাকে এলাকায় খুঁজে না পেয়ে অবশেষে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, জিন্নাহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
