নাটোরের বাগাতিপাড়ায় এক রাতে তিনটি পৃথক স্থানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে উপজেলায় এসব ঘটনা ঘটে। জানা যায়, বাগাতিপাড়া ইউনিয়নের জিগরী মণ্ডলপাড়া গ্রামের বসুপাড়ার ভাই-বোন ট্রেডার্সের গোডাউনে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ও সিসি ক্যামেরা ভেঙে শাটারের তালা কেটে চোরেরা প্রায় ১৫০ বান্ডিল ঢেউটিন, ৫৭ পিস সিমেন্ট শিট, বিভিন্ন স্যানিটারি সামগ্রীসহ বিভিন্ন গৃহস্থালির মালামাল চুরি করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আলাউদ্দিন সরকারের দাবি, চুরি যাওয়া মালামালের মূল্য প্রায় ১০ লাখ টাকা। এ ছাড়া একই রাতে দহপাড়া এলাকায় আব্দুল হাকিমের পুকুরপাড় থেকে একটি সাবমারসিবল জলমোটর ও হাফ কয়েল তার চুরির ঘটনা ঘটে। এ ছাড়া বসুপাড়া মন্দিরসংলগ্ন সরকারি লিজ নেয়া পুকুর থেকে জলমোটর ও এক কয়েল তার চুরি হয়। বাগাতিপাড়া মডেল থানার ওসি আ. হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
