ধোবাউড়া বাজার বণিক সমিতি

আহ্বায়ক দুলালকে অনাস্থা ও কমিটি অকার্যকর ঘোষণা

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ধোবাউড়া বাজার বণিক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম দুলালকে অবাঞ্ছিত ঘোষণা এবং বর্তমান আহ্বায়ক কমিটিকে অকার্যকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বাজার ব্যবসায়ীরা। গত বৃহস্পতিবার রাতে ধোবাউড়া প্রেস ক্লাবে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান ফকির। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হলেও প্রায় দুই বছর চলে গেছে। তবুও নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ নেয়া হয়নি।

ফলে বর্তমান কমিটি ব্যবসায়ীদের আস্থা হারিয়েছে এবং কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে দুলালের বিরুদ্ধে সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই একক সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং সমিতির কার্যক্রমে অস্বচ্ছতার অভিযোগ আনা হয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নতুন নেতৃত্ব প্রয়োজন।

তাই সর্বসম্মতিক্রমে দুলালকে অবাঞ্ছিত ঘোষণা এবং বর্তমান আহ্বায়ক কমিটিকে অকার্যকর ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির হিসাবনিকাশ, সদস্যদের জমাকৃত অর্থ এবং সমিতির মালামাল বণিক সমিতির অস্থায়ী কার্যালয় ইজারা অফিসে যথাযথভাবে বুঝিয়ে দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। এদিকে, ধোবাউড়া বাজার বণিক সমিতির নির্বাচন আয়োজনের লক্ষ্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান মানিক, কছিম উদ্দিন বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন খান লিটন এবং আবুল কাশেম ডলারকে নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী খন্দকার আক্কাস আলী, আব্দুল হামেদ মেম্বারসহ বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন