ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, চরমোনাই মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুর রহিম (৫০) ও ভাণ্ডারিয়ায় গৌরীপুর এলাকার বাসিন্দা মেহেদী (২৪)। তারা থ্রি-হুইলার সিএনজি’র যাত্রী ছিলেন। মাদ্রাসা শিক্ষক রহিম বরিশাল থেকে গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া যাচ্ছিলেন এবং মেহেদী তার বাড়ি ভাণ্ডারিয়ায় যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভাণ্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিক্ষক রহিম ও মেহেদী নিহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহত ৪ জনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
