বান্দরবানে রুমায় বগালেক পর্যটন কেন্দ্রে ফেরার পথে মোটরসাইকেল খাদে পড়ে মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) নামে দুই পর্যটক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে বগালেক- কেউক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩২), সে ভোলা জেলার মানিকার হাট এলাকার বাসিন্দা জহির উদ্দিনের ছেলে এবং রোকাইয়া আক্তার (৩০), সে ঢাকার লালবাগ এলাকার চুন্নু গাজীর মেয়ে। পুলিশ জানিয়েছে, গেল বৃহস্পতিবার ১০ জনের একটি দল বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসে। ১০ জনের মধ্যে আটজন বগালেক কটেজে থেকে যান।
কিন্তু ওই দুই পর্যটক নির্দেশনা অমান্য করে রাতে নোটরসাইকেল নিয়ে কেউক্রাডং এলাকায় বেড়াতে যায়। বেড়ানো শেষে পুনরায় বগালেকে ফেরার পথে ঢালুতে নামতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী খোঁজাখুঁজির পর কয়েক ফুট খাদের নিচ থেকে ওই দুই পর্যটকের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রুমার বগালেক ভিউ পয়েন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ পর্যটক নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
