গাজীপুরে রিভলবারসহ অস্ত্র উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুর মহানগরের সদর থানার মারীআলী জামতলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার, একটি চাপাতি ও একটি ডিআইওয়াই কুড়াল উদ্ধার করেছে র‌্যাব-১। শুক্রবার র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর সদর থানার ২৬ নম্বর ওয়ার্ডের মারীআলী জামতলা এলাকায় জনৈক মো. মোতাকাব্বেরের জমির সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত ব্যক্তিরা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার, একটি দেশীয় তৈরি চাপাতি এবং একটি দেশীয় তৈরি ডিআইওয়াই কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন