জামালপুরের মেলান্দহে একটি খাল থেকে অজ্ঞাত এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার বানিয়াবাড়ী এলাকার দানাভাঙা খাল থেকে মরদেহটি উদ্ধার করা পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কয়েক দিন আগে তাকে হত্যা করে মরদেহ খালে ফেলে যায়। জানা যায়, শুক্রবার সকালে স্থানীয়রা খালে মাছ ধরতে গিয়ে পানিতে ভাসমান একটি মরদেহ দেখতে পান। পরে তারা মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৪০ বছর। মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
