বেরোবিতে সহিংসতা ও হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা

ফন্ট সাইজ:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সব ধরনের যৌন, লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। একইসঙ্গে অভিযোগ গ্রহণ ও তদন্ত প্রক্রিয়াকে আরও সহজ, গোপনীয় এবং ভুক্তভোগীবান্ধব করার উদ্যোগের কথাও জানান তিনি। গত বৃহস্পতিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত ‘পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক প্রকল্পের কিক-অব সভায় অংশ নিয়ে এসব কথা বলেন উপাচার্য। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এসময় উপাচার্য বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া বিশ্বাস করতেন, ভীতি, বৈষম্য বা সহিংসতার কারণে সমাজের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। তার আদর্শ অনুসরণ করে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। উপাচার্য আরও বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি ক্যাম্পাস নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী কোনো ধরনের ভয়, হয়রানি বা বৈষম্য ছাড়াই শিক্ষা, গবেষণা ও কর্মপরিবেশে নিজেদের বিকাশ ঘটাতে পারবেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, প্রফেসর মো. মেহেদী হাসান খান, প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী, ইউজিসি’র আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মোসা. জেসমিন পারভীনসহ ইউরোপীয় ইউনিয়ন, ইউএন উইমেন, সুশীল সমাজ এবং বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন