গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), গোপালগঞ্জের আয়োজনে উপজেলার নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয়, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন ও তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ১ হাজার ৮০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ও নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের আওতার অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ একাডেমির মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে একাডেমির পরিচালক কৃষিবিদ মো. মাহমুদুন্নবী উপস্থিত ছিলেন। এ ছাড়াও একাডেমির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন যে, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সবুজ ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ উদ্যোগ। তিনি আরও বলেন, (আরডিএ) গোপালগঞ্জে গত ২৭শে জুন আরডিএ ল্যাবরেটরি স্কুল ও পার্শ্ববর্তী এলাকার ৯টি স্কুলের ২ হাজার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে কর্মসূচির আওতায় ফলদ ও গাছের চারা বিতরণ করেছে।
প্রতিষ্ঠানটির উদ্যোগে দুই দফায় ১৩টি স্কুলের ৪ হাজার শিক্ষার্থীর মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া পরবর্তীতে বিতরণকৃত গাছের চারার গ্রোথ মনিটরিং ও অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারের ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করছে এবং সরকারের উদ্যোগকে প্রশংসনীয় ও ফলপ্রসূ বলে মনে করছেন তারা।
