কিস্তির টাকা নিয়ে বিরোধ, ছেলেকে হত্যার পর বাবা পলাতক, মা আটক

কিস্তির টাকা নিয়ে বিরোধ, ছেলেকে হত্যার পর বাবা পলাতক, মা আটক

ফন্ট সাইজ:

জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলে নাইম ইসলাম ইয়ামিন (২০)কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবা লুৎফর রহমানের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা বানু খাতুনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাইমের বাড়ি নীলফামারী জেলায়। তিনি জয়পুরহাট শহরের সাগরপাড়া এলাকায় বাবা ও সৎ মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

সম্প্রতি নাইম কিস্তিতে একটি স্মার্টফোন কেনেন। গত ২৯শে জুলাই ওই ফোনের কিস্তির টাকা শোধ করা নিয়ে বাবার সঙ্গে তার তর্ক-বিতর্ক হলে একপর্যায়ে বাবা তাকে মারধর করে। পারিবারিক এসব বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতের যেকোনো সময় লুৎফর তার ছেলে নাইমকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। পরে মরদেহ ঘরে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান তিনি। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, পারিবারিক কলহ ও কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে বাবা ছেলেকে শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন