হবিগঞ্জের লাখাইয়ে পূজার অনুষ্ঠানে চোলাই মদ্যপান করার পর এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- উপজেলার মোড়াকরি গ্রামের সুদেব দাস (৬০), তার ছেলে সুজিত দাস (৩৫), সুবি রবিদাস (৪৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরীবাজার এলাকার রঞ্জিত কুরি (৩৬)। তবে পরিবারের দাবি- সুবি রবিদাস মদ্যপান করার পর হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোড়াকরি গ্রামের বিশ্বম্ভপাড়ায় আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একটি পূজা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকজন ঘরে তৈরি এবং চা বাগান থেকে আনা কথিত চোলাই মদ্যপান করেন। পরে তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
এ সময় গুরুতর অবস্থায় সুদেব দাস, সুজিত দাস, সুবি দাস ও রঞ্জিত কুরিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ও বৃহস্পতিবার পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। লাখাই থানার ওসি শরীফ আহমেদ ঘটনার জানার পর পুলিশ নিয়ে নিহতদের বাড়িতে যায়। তবে সেখানে একজনের মরদেহ পাওয়া গেলেও অন্য তিনজনের মরদেহ পুলিশকে না জানিয়ে সমাহিত করা হয়। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মদের উৎস, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
