বাউফলে চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলায় আহত ৩

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেয়ার পরেই নির্বাচনী প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ফরিদ উদ্দিন তালুকদার নামে এক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে বাউফল প্রেস ক্লাবের সামনে হামলার ঘটনা ঘটে। এ সময় ফরিদ উদ্দিনসহ তার পরিবারের ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার সকালে বাউফল থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টায় বাউফল প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী গ্রামের ফরিদ উদ্দিন তালুকদার। ওই সভায় আসন্ন নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেকে একজন প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। পরে সভা শেষে প্রেস ক্লাবের সামনের সড়কে একই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দেয়া নির্বাচনী প্রতিপক্ষ পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ হাজী পলাশের নেতৃত্বে ফরিদ উদ্দিন তালুকদারের ওপর হামলা চালিয়ে আহত করা হয়। এ সময় ফরিদ উদ্দিনকে বাঁচাতে তার স্ত্রী মর্জিনা ও ছেলে আলিফ তালুকদার এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করে।

আহতদের মধ্যে একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলার ঘটনায় শুক্রবার সকালে ফরিদের স্ত্রী মর্জিনা আক্তার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযোগ অস্বীকার করে মাসুম বিল্লাহ ওরফে হাজী পলাশ বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। বরং ফরিদ উদ্দিন তালুকদার এবং স্বেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক সফল মাস্টারের নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়েছে। আমার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা।’ বাউফল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন