ভিনদেশি আবহের মাঝে এক টুকরো বাংলাদেশ। প্রবাসের যান্ত্রিক ব্যস্ততা আর কর্মমুখর জীবনকে পেছনে ফেলে শেকড়ের টানে এক মোহনীয় মিলনমেলায় মিলিত হলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। "জন্মভূমির স্পর্শ, হৃদয়ের বাসভূমে" এই আবেগঘন প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর ১৭তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল। মিশিগানের আকাশ-বাতাস এদিন মুখরিত হয়ে উঠেছিল দেশীয় সুর, সাজ আর উৎসবের আনন্দে।
গত ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত এই মেলায় মিশিগানের পাশাপাশি নিউইয়র্ক, ওহাইও, ইন্ডিয়ানা, ইলিনয় এবং কানাডার টরেন্টোসহ দূর-দূরান্ত থেকে হাজারো প্রবাসী অংশ নেন। প্রতি বছরের মতো এবারও উৎসব প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক বিশাল ও প্রাণবন্ত মিলনমেলায়; যেখানে খোলা আকাশের নিচে আবেগ, নস্টালজিয়া আর শেকড়ের টান একাকার হয়ে গিয়েছিল।
পুরো উৎসবজুড়ে আমেজ ছিল চিরায়ত গ্রামীণ বাংলার। দেশীয় খাবারের সুগন্ধ, নারীদের রঙিন শাড়ি, বাহারি পোশাক, হস্তশিল্প, ঐতিহ্যবাহী গহনা, শিশুদের খেলনা এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রায় ৬০টিরও বেশি স্টল দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল দুপুর থেকে রাত পর্যন্ত। বিশেষ করে সন্ধ্যা ঘনানোর সঙ্গে সঙ্গে ফুড স্টলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। অন্যদিকে, আয়োজকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা, পর্যাপ্ত পার্কিং এবং পরিচ্ছন্ন পরিবেশ সব মহলের প্রশংসা কুড়ায়।
এবারের ফেস্টিভ্যালের মার্কিন মূলধারার রাজনীতিবিদ ও বিশিষ্ট কমিউনিটি নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবে উপস্থিত ছিলেন মিশিগান স্টেটের লেফটেন্যান্ট গভর্নর গার্লিন গিলক্রিস্ট, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিটির কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা আমেরিকান সমাজে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বহুসাংস্কৃতিক সমাজ গঠনে কমিউনিটির ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দিয়ে তারা এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা কামনা করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাবেদ চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে মাতৃভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন তারা। প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের সামনে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা এবং তাদের মনে শেকড়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলাই তাদের মূল লক্ষ্য। আগামী দিনে আরও বড় পরিসরে বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে তারা সচেষ্ট থাকবেন।
মিশিগানে বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল
সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে
প্রবাস
১ ঘন্টা আগে
৩১ জুলাই (শুক্রবার), ২০২৬, ১১ঃ১৪ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
