চৌদ্দগ্রামে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভ

চৌদ্দগ্রামে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিক বিক্ষোভ

ফন্ট সাইজ:

কুমিল্লার চৌদ্দগ্রামে মূল বেতন বৃদ্ধিসহ সাত দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস ফ্যাক্টরির শ্রমিকরা। গত সোমবার থেকে শুরু হয়ে চতুর্থ দিন ধরে চলা শ্রমিকদের বিক্ষোভ রূপ নিয়েছে কিছুটা সহিংসতায়। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া বিক্ষোভে একাধিকবার ফ্যাক্টরির মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে শ্রমিকরা। এ সময় ইট মেরে ফ্যাক্টরির গ্লাসও ভাঙা হয়। তবে পুলিশের অবস্থানের কারণে গেইট কিছুটা ভাঙলেও ভেতরে প্রবেশ করতে পারেনি। টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে বৃহস্পতিবার দুপুুর ২টার পর ইউএনও’র আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নেয় শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, ২০২৪ সালে শ্রমিকদের আন্দোলন শেষে দাবি মানার আশ্বাস দিলে তারা আন্দোলন বন্ধ করে কাজে যোগ দেয়। কিন্তু সেই দাবিগুলোর অধিকাংশই মানা হয়নি। এরই প্রেক্ষিতে গত ২৭শে জুলাই সোমবার কাজ বন্ধ করে বেতন ভাতা বৃদ্ধি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, আলাদা নামাজের ব্যবস্থা করাসহ সাত দফা দাবিতে আন্দোলনে নামে তারা। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের দাবি মানাসহ ফ্যাক্টরিতে প্রবেশ করে কাজে অংশগ্রহণ করা শ্রমিকদের একাংশকে ফ্যাক্টরি থেকে বের করে দিতে হবে। না হয় তারা মহাসড়ক অবরোধ ছাড়বে না।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য রাস্তা অবরোধ করে। আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আশ্বস্ত করলে তারা মহাসড়কের অবরোধ তুলে নেয়। শ্রমিকদের আন্দোলনের বিষয়টি দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন