ময়মনসিংহের ফুলপুরে অতিবৃষ্টিতে খাল পুনঃখনন প্রকল্প বন্ধ হয়ে গেছে। ফলে প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে। মেয়াদের মধ্যে কাজ করতে না পারায় গত ২৬শে জুলাই প্রকল্পের টাকা ফেরত পাঠান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। জানা যায়, গত ৭ই মে উপজেলার রূপসী ইউনিয়নের জারুল খাল খনন কর্মসূচি রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে উদ্বোধন করেছিলেন ময়মনসিংহ-২ আসনের এমপি মুফতি মুহাম্মদুল্লাহ্।
পরবর্তীতে খালটির খনন কাজ পরিদর্শন করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি’র নেতাকর্মীরা। তবে খাল খনন প্রকল্পের টাকা ফেরত যাওয়ার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন ভিন্ন বক্তব্য দিয়েছেন। সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ জানান, প্রায় পাঁচ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে ১ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৩৮৫ টাকা বরাদ্দ হয়। খালটির পুনঃখনন কাজ নিয়ে অনিয়ম ও প্রয়োজনীয়তা না থাকায় জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে টাকা ফেরত দেয়া হয়েছে। এ বিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন বলেন, প্রকল্প গ্রহণের পরপরই বৃষ্টির পানিতে খাল পরিপূর্ণ হয়ে যায়। এতে মেয়াদের মধ্যে কাজ করতে না পারায় টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হয়েছে।
