মৌলভীবাজারের কুলাউড়ার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রেতা জামাল মিয়া (৪০)কে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রি করার দায়ে তাকে এই দণ্ড প্রদান করা হয়। জব্দকৃত বীজ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক বিক্রেতা স্থানীয় বীজ ডিলার মো. নিজাম মিয়া পরিচালিত ‘নিজাম ট্রেডার্স’ থেকে এসব বীজ সংগ্রহ করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
