কৃষিজমির মাটি বিক্রি, লাখ টাকা জরিমানা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষিজমির মাটি কেটে বিক্রি ও অবৈধভাবে পুকুর খননের অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বড় হাওরে উপজেলা নির্বাহী অফিসার) উম্মে মুসলিমা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কান্দাইল বড় হাওরে কৃষিজমির মাটি কেটে বিক্রি ও অবৈধভাবে পুকুর খননের অভিযোগ পেয়ে ইউএনও উম্মে মুসলিমা বৃহস্পতিবার ঘটনাস্থলে যান। এ সময় সেখানে কৃষিজমির মাটি কেটে বিক্রি এবং অনুমোদন ছাড়াই পুকুর খননের কার্যক্রম চলছিল। এ অবস্থায় অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত ৩টি ভেকু জব্দ করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জড়িতদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অনাদায়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। তিনি জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা, পুকুর খনন এবং প্রাকৃতিক সম্পদ বিনষ্টের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও ইউএনও উম্মে মুসলিমা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন