কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানী সৈকত থেকে এক হোটেলকর্মীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উলঙ্গ অবস্থায় ভাসমান মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ইনানীর বে-ওয়াচ হোটেল সংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল আজিজ (২২) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মৃত রশিদ আহমেদের ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ইনানীর বে-ওয়াচ হোটেলে হোটেল বয় হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রাতে কয়েকজন যুবক সৈকতে কাঁকড়া ধরতে গিয়ে পানিতে ভাসমান একটি উলঙ্গ মরদেহ দেখতে পান। পরে বিষয়টি নিহতের ভাই দুলালকে জানালে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের অভিযোগ, আজিজের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সৈকতে ফেলে রাখা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় যুবদল নেতা শাহাব উদ্দিন শাহ বলেন, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে বে-ওয়াচ হোটেলে চাকরি করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। বে-ওয়াচ হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হোটেলসংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তাদের দাবি, আবদুল আজিজের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা বা বিরোধ ছিল বলে তাদের জানা নেই। উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
