গাকৃবি’তে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি প্রতিনিধিদল

ফন্ট সাইজ:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের আন্তরিক ও ফলপ্রসূ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফা এবং অবার্ন ইউভার্সিটির কলেজ অব এগ্রিকালচারের সহকারী অধ্যাপক টিমোথি জে. ব্রুস। মূলত পারদু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের অধ্যাপক ড. আহমেদ মুস্তফার সার্বিক সহযোগিতায় এ সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এ সময় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক, ফিশারিজ বায়োলজি অ্যান্ড অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. এস. এম. রফিকুজ্জামান, সহকারী অধ্যাপক ইব্রাহিম রশিদ এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। সাক্ষাতের শুরুতে অতিথিদের আন্তরিক অভ্যর্থনা জানিয়ে পারস্পরিক কুশল বিনিময় অনুষ্ঠিত হয়। পরে গাকৃবি’র উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের সামগ্রিক অগ্রযাত্রা তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ২০২৫ ও ২০২৬ সালে আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) এবং কিউএস র‌্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিক অঙ্গনেও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছে। এ সময় প্রফেসর ড. আহমেদ মুস্তফা এবং টিমোথি জে. ব্রুস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অবার্ন ইউনিভার্সিটি এবং পারদু ইউনিভার্সিটির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একটি কার্যকর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব তুলে ধরেন এবং উপাচার্য এ প্রস্তাবকে স্বাগত জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন