কুড়িগ্রামের রৌমারীতে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের কুড়ারপাড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, বাওয়াইর গ্রাম এলাকার গ্রামপুলিশ হাফিজুর রহমান সকালে কুড়ারপাড় এলাকার পানিতে এক নারীর লাশ ভাসতে দেখেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে রৌমারী থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত লাশটি উদ্ধার করে। তবে নিহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ওসি কাওছার আলী জানান, অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তে কাজ চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
