পুলিশে চাকরি দেয়ার প্রলোভনে হাতিয়ে নিলো সাড়ে ৮ লাখ টাকা, মামলা

ফন্ট সাইজ:

পুলিশের এসআই পদে চাকরি দেয়ার নামে সাড়ে আট লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক বাবলুর রহমান নামে একজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গত বুধবার মামলাটি করেন যশোরের শার্শা উপজেলার রামপুর গ্রামের সবেদ ইসলামের ছেলে আশিক ইসলাম। যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দেন। অভিযুক্ত বাবলুর চৌগাছা উপজেলার বর্ণি গ্রামের লুৎফর রহমানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, আত্মীয় আহসান হাবিব মুকুলের মাধ্যমে আসামি বাবলুর রহমানের সঙ্গে আশিক ইসলামের পরিচয়। পরিচয়ের সূত্র ধরে আসামি তাকে পুলিশের এসআই পদে চাকরি দেয়ার আশ্বাস দেন।

এ জন্য মোট নয় লাখ টাকা এবং চার মাসের মধ্যে নিয়োগপত্র দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। আসামির প্রতি বিশ্বাস করে ২০১৯ সালের ৩১শে অক্টোবর থেকে ১লা নভেম্বর পর্যন্ত আসামির ইসলামী ব্যাংকের হিসাবে মোট চার লাখ ৪৯ হাজার টাকা জমা দেয়া হয়। পরে নিয়োগপত্র দেয়ার কথা বলে আরও চার লাখ টাকা দাবি করলে ২০২১ সালের ৬ই মে ইসলামী ব্যাংক বেনাপোল শাখায় আসামির হিসাবে দুই দফায় মোট চার লাখ টাকা জমা দেয়া হয়। টাকা নেয়ার পরও আসামি চাকরির নিয়োগপত্র দেননি। বিভিন্ন সময়ে যোগাযোগ করলেও তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তিনি যশোরের পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন। গত ১১ই জুলাই বিকালে আসামি স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কোনো টাকা ফেরত দেবেন না এবং চাকরিও দিতে পারবেন না। টাকা চাইলে প্রাণনাশ ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে বুধবার তিনি যশোর আদালতে এ মামলা দায়ের করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন