কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে কথিত আরসা (অজঝঅ) কমান্ডার মোহাম্মদ জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ব্লকের রহমত উল্লাহ’র ছেলে বাসিন্দা। ১৪ এপিবিএনের ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, জুবায়ের বসতঘর থেকে পাশের একটি মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যাওয়ার সময় ওই এলাকার ইব্রাহিমের বাড়ির সামনে পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জুবায়ের শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় রোহিঙ্গারা জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্যে জানা যায়, এ হামলার সঙ্গে প্রতিপক্ষ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা জড়িত থাকতে পারেন। একটি প্রতিবেদনে হামলাকারীদের সংখ্যা ২০ থেকে ২৫ জন এবং ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ তথ্য তদন্তাধীন। ঘটনার খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। উখিয়া থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পেগুলোতে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
