ফরিদপুরের বোয়ালমারীতে বাকপ্রতিবন্ধী এক নারী (৪০) কে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মোট ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল রাতে উপজেলার শেখর বাজার থেকে মো. তারা শেখ (৬০) ও মো. বাবুল শেখ (৪৫) নামে ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ২৬শে জুলাই পলাতক মো. মেহেদী শেখ (২৭) কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই শেখর গ্রামের বাসিন্দা।
জানা যায়, প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণের এ ঘটনা জানাজানি হলে গত ২৫শে জুলাই রাতে ওই নারীর আত্মীয় মো. সুজন মোল্যা বাদী হয়ে শেখর গ্রামের মো. মেহেদীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ পলাতক মেহেদীকে গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এদিকে আদালতে ওই প্রতিবন্ধী নারী ২২ ধারা জবানবন্দিতে একই গ্রামের তাঁরা শেখ ও বাবুলর নাম বলে। পরে পুলিশ তাদেরও গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। বোয়ালমারী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
