নাটোরের লালপুরে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলোÑ উপজেলার চক নাজিরপুর গ্রামের মৃত আ. সালামের ছেলে মো. আজিম আলী (২৬), কেশবপুর গ্রামের আ. মোত্তালেব হোসেনের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২) ও মৃত বকুল আলীর ছেলে মো. ফরহাদ আলী (২২)।
থানা সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে লালপুর থানা পুলিশ মহারাজপুর শ্মশান সংলগ্ন ব্রিজের উপর অভিযান চালায়। এ সময় আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইলসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি মানবজমিনকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
