কক্সবাজারের টেকনাফ পৌরসভার এক কুরিয়ার সার্ভিস থেকে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গত বুধবার টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও টেকনাফ মডেল থানা পুলিশ এই তল্লাশি অভিযান পরিচালনা করে। গতকাল সকালে বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ব্লুটুথ স্পিকারের মতো দেখতে একটি সন্দেহজনক পার্সেল পরীক্ষা করা হয়।
পরে সেটি খুলে দেখা যায়, ভেতরের বৈদ্যুতিক যন্ত্রাংশ ফেলে দিয়ে বিশেষ কৌশলে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৬টি প্যাকেটে মোট ১১ হাজার ২০০ পিস ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল এবং পরবর্তীতে পণ্যটি ভুল এসেছে দাবি করে ফেরত পাঠানোর উদ্দেশ্যে কুরিয়ারে জমা দেয়া হয়। কুরিয়ারের তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে পার্সেল বহনকারী জামাল নামক একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি টেকনাফের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ অন্যান্য আলামত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
