মতলবে চাঁদার দাবিতে বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

মতলবে চাঁদার দাবিতে বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা

ফন্ট সাইজ:

চাঁদার দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিয়েবাড়িতে স্থানীয় কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের এক বিয়ের অনুষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এতে বরের বাবা, ভাই ও জেঠাসহ অন্তত ৩জন আহত হয়েছেন। আহতরা হলো- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। ভুক্তভোগীরা জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা করবে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়- রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পার্শ্ববর্তী এলাকার নবীর হোসেনের ছেলে মহন (২৫) এর নেতৃত্বে আল আমিনের ছেলে আরমান (১৮), বারেক বকাউলের ছেলে আবির হোসেন (১৬) ও জিসান (১৮)সহ কয়েকজন অনুষ্ঠানে এসে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে। পরিস্থিতি সামাল দিতে আয়োজকপক্ষ তিন হাজার টাকা দিলেও তারা তাতে সন্তুষ্ট হয়নি। একপর্যায়ে তারা হামলা চালিয়ে বরের পিতা বাবু লাল বিশ্বাস ও ভাই ত্রিনাদ বিশ্বাসকে মারধর করে টেবিল-চেয়ার ভাঙচুর ও আশপাশে বাড়িরঘরে হামালা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। আহত ত্রিনাথ অভিযোগ করে বলেন, আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল, আমরা কেরাম খেলছিলাম। তখন কিশোর গ্যাং এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে যায়। স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন- বিয়েবাড়িতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন- ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। এদিকে, অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন