গ্রিসের রাজধানী এথেন্সে স্যুটকেস ভর্তি একটি লাশ উদ্ধার করা হয়েছে। এটি এক বৃটিশ নারীর মৃতদেহ। ঘটনার ১১ দিন পর পুলিশ তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। গ্রিক পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম এলিজাবেথ জেন রস। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। গত ১৮ই জুলাই এথেন্সের কিপসেলি এলাকার একটি পরিত্যক্ত ভবনে ট্রাঙ্কটি দেখতে পান এক গৃহহীন ব্যক্তি। ট্রাঙ্কটি খুলে লাশ দেখে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
৩৮ বছর বয়সী এলিজাবেথ বন্ধুদের সাথে এথেন্সে অবস্থান করছিলেন। তাকে শেষবার ১৫ই জুলাই জীবিত দেখা গিয়েছিল। ইন্টারপোল ও যুক্তরাষ্ট্রের ডিএনএ তথ্যের সহযোগিতায় তার পরিচয় নিশ্চিত করা হয়। মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে। কারণ তার পরিচয় নিশ্চিত করার আগ মুহূর্ত পর্যন্ত নিহত নারীর মোবাইল ফোনটি চালু ছিল। পুলিশ এথেন্সের কিপসেলি এলাকার দুর্ঘটনাস্থল ঘিরে তদন্ত চালাচ্ছে।
নিহতের চলাচলের রুট শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া এয়ারলাইন্স ও হোটেলের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, উদ্ধারের প্রায় আট দিন আগেই তার মৃত্যু হয়েছিল। তবে তার শরীরে আঘাত বা ধস্তাধস্তির কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তিনি সাইপ্রাস ও যুক্তরাষ্ট্র হয়ে গত ২৯শে জুন গ্রিসে পৌঁছেছিলেন। গ্রিক পুলিশ ঘটনাটিকে একটি অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছে এবং এতে বৃটেনের তদন্তকারীরাও যোগ দিতে পারেন।
