খাবার দিতে দেরি, ভাবিকে কুপিয়ে হত্যা, গাছে মাথা ঝুলিয়ে রাখল দেবর

খাবার দিতে দেরি, ভাবিকে কুপিয়ে হত্যা, গাছে মাথা ঝুলিয়ে রাখল দেবর

ফন্ট সাইজ:

খাবার পরিবেশন করতে দেরি হওয়ায় ভাবিকে কুপিয়ে হত্যা করে তার কাটা মাথা বাড়ির সামনের গাছে ঝুলিয়ে রাখে তার দেবর কুনাল কুমার। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের বিহারে জেহানাবাদ জেলার ইমাদপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম অংশু দেবী (২৫)। তিনি ইমাদপুর গ্রামের বাসিন্দা ধর্মেন্দ্র কুমারের স্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। স্থানীয়দের বরাতে জানা গেছে, কুনাল মাদকাসক্ত।

ঘটনার সময় অংশু দেবী বাড়িতে একাই ছিলেন। পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, কুনাল মাঠ থেকে ফিরে খাবার চায়। খাবার পরিবেশনে কিছুটা দেরি হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে একটি ধারালো কুড়াল দিয়ে অংশু দেবীর ওপর হামলা চালায়। হামলায় তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি। বরং সে বাড়ির কাছেই বসে ছিল।

এ সময় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, নিহতের কাটা মাথা বাড়ির সামনের একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি জব্দ করে। পরে অভিযুক্ত কুনাল কুমারকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, হত্যার সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার পেছনে অন্য কোনো বিষয় জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন