বিদেশের লীগে আমাদের আরও সুযোগ প্রাপ্য: হৃদয়

বিদেশের লীগে আমাদের আরও সুযোগ প্রাপ্য: হৃদয়

ফন্ট সাইজ:

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ দিন দিন বাড়লেও, তা এখনো পর্যাপ্ত নয় বলে মনে করেন তাওহীদ হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে ঝড়ো পারফরম্যান্সের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন আক্ষেপ প্রকাশ করেন টাইগার ব্যাটার। একইসঙ্গে, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নিয়ে চলমান গুঞ্জন ও শঙ্কার কথাও স্পষ্টভাবে তুলে ধরেন এই তরুণ ক্রিকেটার।

ম্যাচের পর বিদেশি লীগে বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অবশ্যই অনেক ইতিবাচক দিক আছে, তবে আমাদের খেলোয়াড়রা আরও অনেক বেশি ডিজার্ভ করে। আরও অনেক বেশি খেলোয়াড় বাইরের ফ্র্যাঞ্চাইজি লীগ খেলা ডিজার্ভ করে। তবে সুযোগ সত্য কথা বলতে, একটু কম হয়।’

তার মতে, এই সুযোগ সীমিত হওয়ার পেছনে বড় কারণ আন্তর্জাতিক ক্রিকেটে দলগত পারফরম্যান্স। দল হিসেবে বাংলাদেশ যত ভালো করবে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ ততই বাড়বে এবং দেশের ক্রিকেটারদের চাহিদা বৃদ্ধি পাবে।
এদিকে, ক্রিকেটারদের এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রদানে সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান ২৫ বছর বয়সী হৃদয়। তবে জাতীয় দলের স্বার্থকে সবসময় সবার ওপরে রাখার পক্ষে তিনি। টাইগার ব্যাটার বলেন, ‘সবার আগে দেশ। দেশের খেলা যদি থাকে, তাহলে ফ্র্যাঞ্চাইজি খেলাগুলোতে বেশি মনোযোগী হওয়া উচিত নয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বিসিবির।’

অন্যদিকে, আসন্ন বিপিএল আয়োজন নিয়ে সম্প্রতি যে শঙ্কা তৈরি হয়েছে, তাতে বেশ উদ্বিগ্ন এই ক্রিকেটার। বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট না করার কথা জানানোর পর থেকেই বিপিএল মাঠে গড়ানো নিয়ে গুঞ্জন চলছে। বিপিএলের গুরুত্ব তুলে ধরে হৃদয় বলেন, ‘অবশ্যই (বিপিএল না হলে) অনেক বড় ক্ষতি হবে। কারণ অনেক খেলোয়াড় আছেন, যারা শুধু বিপিএল খেলেন। একইসঙ্গে এটাও দেখতে হবে, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি না আসে বা বারবার বিতর্ক হয়, তবে বোর্ডেরও যুক্তি থাকতে পারে। তবে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চাইবো যে বিপিএল হোক।’

তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য বিপিএল যে টার্নিং পয়েন্ট, তা স্মরণ করিয়ে দিয়ে হৃদয় আরও বলেন, ‘অনেক খেলোয়াড় এখান থেকে উঠে আসেন। যদি এক বছর লীগ না হয়, তাহলে সেই সুযোগ অনেকেই হারাবেন। সেটা দেশের ক্রিকেটের জন্যও বড় ক্ষতির কারণ হবে।’

এলপিএল আসরে হৃদয়ের ৮ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩১ রানের অপরাজিত ক্যামিওতে ২০২ রানের পুঁজি গড়ে জাফনা। রান তাড়ায় ১৮৩ রানে থামে কলম্বো ক্যাপস। আগের ম্যাচের মতো এদিনও ব্যাটিংয়ে নামতে পারেননি হৃদয়ের জাফনা সতীর্থ সাকিব আল হাসান। রান তাড়ায় ৩ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান খরচ করা সাবেক টাইগার অধিনায়ক থাকেন উইকেটশূন্য। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা জাফনাকে রানের জোয়ার এনে দেন মূলত ওপেনিং ব্যাটার কামিল মিশারা এবং ওয়ানডাউনে নামা ইব্রাহিম জাদরান। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ২৯ বলে ৫০ রান। ১৯ বলে ৪৪ রানের ইনিংসে মিশারা ফিরলে কলম্বো বোলারদের তুলোধুনো করেন জাদরান। ৬৫ বলে ১২ চার ও ৩ ছক্কায় ৯৫ রানে থামেন এই আফগান তারকা। শেষ দিকে ক্রিজে ঝড় তোলেন হৃদয়। অনবদ্য পারফর্মেন্সে ‘গেম চেঞ্জার অব দ্য ম্যাচ’ অ্যাওয়ার্ডও পান এ বাংলাদেশি ব্যাটার।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন