এবারের ফুটবল মৌসুমের জন্য বড় বাজেটের দল গড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি দলবদলে ক’দিন আগে গতবারের ১৮ জনসহ ২৪ জন খেলোয়াড় নিশ্চিত করেছিল তারা। গতকাল মোহামেডান নিশ্চিত করে আরও পাঁচ খেলোয়াড়কে। তার মধ্যে বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসেরই তিনজন। তারা হলেন গত মৌসুমে বল পায়ে তুখোড় ফর্ম দেখানো ডিফেন্ডার সাদ উদ্দিন, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও মিডফিল্ডার সোহেল রানা ( জুনিয়র)। গতবার মোহামেডানেই খেলা সেন্টারব্যাক শাকিল আহাদ তপুকে এবারও দেখা যাবে সাদা-কালো শিবিরে। আর আবাহনী থেকে নেয়া হয়েছে ফরোয়ার্ড শাহরিয়ার ইমনকে। পাঁচজনই জাতীয় দলের খেলোয়াড়। তার মধ্যে সাদ, তপু, ফাহিম একাদশে নিয়মিতই খেলেন।
গতকাল মতিঝিল ক্লাব ভবনে মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা এবার চ্যাম্পিয়ন হতে চাই। এ কারণেই বড় দল গড়ছি। সাদ, ফাহিম, সোহেল রানা, শাহরিয়ার ইমন ও শাকিল আহাদকে আজ (বুধবার) আমরা সই করিয়েছি। ফলে আমাদের ২৯ জন খেলোয়াড় নিশ্চিত হয়ে গেছে।’
ফরোয়ার্ড ফয়সাল আহেমেদ ফাহিম বলেন, ‘মোহামেডানে যোগ দিয়েছি। তবে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।’ মোস্তাকুর রহমান জানান, গতবারের বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের মোজাফফর মোজাফফরভকে এবারও মোহামেডান শিবিরে দেখা যাবে। বাকি তিন বিদেশি হবে নতুন। তিনজন ভালো মানের খেলোয়াড় আনতে চায় মোহামেডান। সে লক্ষ্যে এবার তারা উজবেকিস্তানে একটা প্রতিনিধিদল পাঠাচ্ছে খেলোয়াড় দেখার জন্য। উজবেকিস্তান থেকে কোচও আনতে চায় মোহামেডান। পাশাপাশি মোহামেডানের সাবেক অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সঙ্গেও আলোচনা চলছে।
সাবেক বিদেশি কোচ ও খেলোয়াড়দের বকেয়া পাওনা শোধ না করায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল দেশের শীর্ষ তিন ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৫৭ হাজার ডলার (৭০ লাখ টাকার কিছু বেশি) পরিশোধ করে সেই নিষেধাজ্ঞা কাটিয়েছে মোহামেডান। গত মৌসুমের ১৮ জন খেলোয়াড়কে রেখে দেয়ার পাশাপাশি ক্লাবটি মোট ২৪ জন খেলোয়াড়কে নিশ্চিত করে। তার মধ্যে উল্লেখযোগ্য গোলকিপার সুজন হোসেন, আরিফ হোসেন, রহমত মিয়া, রহিম উদ্দিন, আমির হাকিম ও সৌরভ দেওয়ান। ১০ই জুলাই শুরু হওয়া খেলোয়াড়দের দলবদল চলবে আগামী ৩রা সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২১শে আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। ২৫শে আগস্ট শুরু ফেডারেশন কাপ আর বাংলাদেশ ফুটবল লীগের প্রথম রাউন্ড ২৮ ও ২৯শে আগস্ট মাঠে গড়াবে।
