ইউরোপিয়ান ফুটবলের দলবদলের বাজারে বইছে ঝড়। জোসে মরিনহো দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদও। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার এবং ২০২৬ বিশ্বকাপের সেরা তারকা রদ্রিকে দলে ভেড়ানোর গুঞ্জন সান্তিয়াগো বার্নাব্যুর বাতাসে উড়ছিল। এবার আর গুঞ্জন নয়, বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রিকে দলে টানতে অবশেষে প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সবুজ সংকেতে শুরু হয়েছে প্রাথমিক আলোচনা। সিটির সঙ্গে তার বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও, স্প্যানিশ এই বিশ্বসেরা মিডফিল্ডারকে ঘিরেই এখন আবর্তিত হচ্ছে মাদ্রিদের দলবদল কৌশল।
ফুটবল অঙ্গনের বিশ্বস্ত সূত্র ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, রদ্রিকে পেতে ৫০ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ ঢালতে প্রস্তুত অল হোয়াইটরা। সিটির প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেয়ার আগেই এই দলবদল পাকা করতে বেশ মরিয়া রিয়াল ম্যানেজম্যান্ট। মাদ্রিদের নতুন প্রকল্পের মূল কাণ্ডারি হিসেবে রদ্রিকে দেখতে চাইছেন কোচ জোসে মরিনহোও। মাঝমাঠের নিখুঁত নিয়ন্ত্রণ এবং খেলার গতিপ্রকৃতি নিজেদের অনুকূলে রাখতে তাকে ঘিরেই সাজানো হচ্ছে ভবিষ্যৎ ছক। তবে এই হাই-ভোল্টেজ দলবদল লড়াইয়ে রিয়াল একাই মাঠে নামেনি। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পাশাপাশি কাতালান রেডিওর দাবি অনুযায়ী, মাঝমাঠের শক্তি বাড়াতে এই লড়াইয়ে মাঠে আছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাও। মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের চোট ও স্কোয়াডের গভীরতা বাড়াতে ৩০ বছর বয়সী রদ্রির খোঁজখবর রাখছে বার্সা শিবির।
‘ফুট মেরকাতো’র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, শৈশব থেকেই রিয়ালের জার্সিতে খেলার সুপ্ত বাসনা রয়েছে রদ্রির। তবে বার্সার থেকে কোনো সুনির্দিষ্ট ও আকর্ষণীয় প্রস্তাব এলে তিনি যে পুরোপুরি মুখ ফিরিয়ে নেবেন, তা জোর দিয়ে বলা যাচ্ছে না। সব মিলিয়ে, সিটির শক্ত রক্ষণ দেয়াল ভেদ করে এই স্প্যানিশ তারকার মন জয় করা এবং দুই স্প্যানিশ জায়ান্টের টানাটানিতে শেষ হাসি কে হাসে, সেটিই এখন দেখার বিষয়। মাদ্রিদের দলবদলের টেবিলেই নির্ধারিত হতে পারে ইউরোপিয়ান ফুটবলের আগামী মৌসুমের ভাগ্য।
