পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এর আগে এদিন বিকাল ৩টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান দীনেশ ত্রিবেদী। কূটনৈতিক সূত্র জানায়, প্রথমে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
গত ২৫ জুন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করেন দীনেশ ত্রিবেদী। পরিচয়পত্র পেশের প্রায় এক মাস পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এটি তার প্রথম আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ।
ভারত সরকার গত এপ্রিলে সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি গত ৫ জুন পশ্চিমবঙ্গ থেকে স্থলপথে বাংলাদেশে এসে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা প্রদান পুনরায় শুরু করে ভারত। প্রায় দুই বছর বন্ধ থাকার পর এই সেবা পুনরায় চালু হয়।

Zakiul Islam
১ ঘন্টা আগেনা জানি কোন ষড়যন্ত্র করতে আসলো ।