কাঁদলে কোনো লাভ হবে না

বিলাওয়ালকে মরিয়ম নওয়াজ

কাঁদলে কোনো লাভ হবে না

ফন্ট সাইজ:

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির আজাদ কাশ্মীরের নির্বাচন নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, কারচুপির অভিযোগ তোলার পরিবর্তে পিপিপির উচিত ‘খোলা মনে’ প্রথম ধাপের ফলাফল মেনে নেয়া। এক ভিডিও বার্তায় মরিয়ম বলেন, কাঁদলে কোনো লাভ হবে না।

পিপিপির উচিত আজাদ কাশ্মীরের নির্বাচনে নিজেদের পরাজয় খোলা মনে মেনে নেয়া। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এর কয়েক ঘণ্টা আগে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি পিএমএল-এন এবং আজাদ জম্মু-কাশ্মীরের নির্বাচন নিয়ে সমালোচনা করে বলেন, রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে জাতীয় স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ, নাকি পিএমএল-এনের স্বার্থ। এর আগে মুজাফফরাবাদে দলীয় কর্মী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিলাওয়াল প্রশ্ন তোলেন, আজাদ কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে আদৌ গণতন্ত্র বলা যায় কি না। তিনি দাবি করেন, জনগণের ভোট ও প্রত্যাশা অনুযায়ী পিপিপি প্রার্থীরাই সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছিলেন। অনানুষ্ঠানিক ও প্রাথমিক ফলাফল অনুযায়ী, আজাদ জম্মু-কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপে মিরপুর বিভাগের মোট ১৩টি আসনের মধ্যে পিএমএল-এন ৯টিতে এবং পিপিপি ৪টিতে জয় পেয়েছে।

প্রকাশিত ভিডিও বার্তায় মরিয়ম নওয়াজ কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, পিএমএল-এনের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির কোনো প্রমাণ নেই। তিনি বলেন, নির্বাচনের রায় জনগণ দেয়, রাষ্ট্র নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, যারা কারচুপির অভিযোগ তুলছেন, তারাই নির্বাচনী অনিয়মে জড়িত ছিলেন। মরিয়ম বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলেরই জনগণের রায় মেনে নেয়া উচিত।

তিনি পিপিপিকে নিজেদের পারফরম্যান্স মূল্যায়ন এবং আত্মসমালোচনার আহ্বান জানান। তিনি আরও বলেন, সিন্ধুতে ১৭ বছর ধরে পিপিপি ক্ষমতায়। এ সময়ে তিনি পিপিপি নেতৃত্বাধীন সিন্ধু সরকারকে প্রদেশটির পরিচ্ছন্নতা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সড়ক অবকাঠামোর উন্নয়নে মনোযোগ দেয়ার পরামর্শ দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন