চূড়ান্ত হয়নি দিনক্ষণ, প্রস্তুত কমিশন

প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া

চূড়ান্ত হয়নি দিনক্ষণ, প্রস্তুত কমিশন

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারা-বাহিকতায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৈঠকে নির্বাচন অনুষ্ঠানের আইনি প্রক্রিয়া, ভোট আয়োজনের পদ্ধতি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হলেও নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। কমিশনের ভাষ্য, সময় নির্ধারণ হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদল অংশ নেয়। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইনের বিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সিইসি বলেন, আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে এখনো কোনো তারিখ নির্ধারণ হয়নি। সময় চূড়ান্ত হলে নির্বাচন কমিশন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

তিনি জানান, প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকা বা না থাকার ওপর নির্ভর করে। সংসদ অধিবেশনে থাকলে এক ধরনের প্রক্রিয়ায় নির্বাচন হয়, আর অধিবেশন না থাকলে আইনে ভিন্ন ব্যবস্থা রয়েছে। বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিইসি আরও বলেন, নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভোটার তালিকা সরবরাহ করবে জাতীয় সংসদ সচিবালয়। এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে সংসদ সচিবালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে। ভোটার তালিকা হাতে পেলেই পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয়া হবে।

বৈঠকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, না, বিষয়টি আজকের বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না।

জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় নথিপত্র, আইনগত প্রক্রিয়া এবং নির্বাচন আয়োজনের আনুষঙ্গিক বিষয়গুলোও পর্যালোচনা করা হয়েছে। এখন কেবল আইন অনুযায়ী সময় নির্ধারণ ও তফসিল ঘোষণার অপেক্ষা। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন। অন্যদিকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন