দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ৯০৮ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৫ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরও ৭৯৯ শিশু। এর ফলে চলতি বছরের ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন এবং হামের উপসর্গে ৭৩৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৫ হাজার ৫৫২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
একই সময়ে হামে আক্রান্ত হিসেবে নিশ্চিত হয়েছেন ১৫ হাজার ৬৫৬ শিশু। এখন পর্যন্ত ১ লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
