গাজীপুরের কোনাবাড়িতে হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসায় ৬ মাসের গর্ভের যমজ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওমর ফারুক জানান, গতকাল বিকালে তার ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী হোসনেয়ারা বেগম হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে তাকে কোনাবাড়ি এলাকার একটি হোমিওপ্যাথি চেম্বারে নেয়া হয়। সেখানে কর্তব্যরত হোমিওপ্যাথি চিকিৎসক তাকে একটি ওষুধ সেবন করান।
ওষুধ সেবনের কিছুক্ষণ পরে তার প্রসববেদনা শুরু হয়। পরে অকাল প্রসবের মাধ্যমে ছয় মাসের গর্ভে থাকা যমজ দুই সন্তানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ভিকটিমকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। কোনাবাড়ির থানার ওসি ইফতেখার হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন:
সিরাজগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু
