সিডনিতে চীন পরীক্ষার প্রস্তুতিতে আফঈদারা

সিডনিতে চীন পরীক্ষার প্রস্তুতিতে আফঈদারা

ফন্ট সাইজ:

এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পাঁচ দিন আগে সিডনিতে পৌঁছায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ভ্যালেনটাইন স্পোর্টস পার্কে অনুশীলন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলে। সেই পর্ব চুকিয়ে এবার টুর্নামেন্টের মূল আবহে ঢুকে পড়লো মেয়েরা। গতকাল সিডনির জুবিলি স্টেডিয়ামে অনুশীলন করেন আফঈদারা। লক্ষ্য টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে চীনের সঙ্গে কঠিন লড়াই করা।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী মূল আসর শুরুর তিন দিন আগে দলগুলোকে নিজেদের তত্ত্বাবধানে নিয়ে নেয় এএফসি। সেই হিসেবে গতকাল সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করে পিটার বাটলারের শিষ্যরা। মেঘলা আকাশ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই প্রায় দেড় ঘণ্টা ঘাম ঝরান মনিকা-ঋতুপর্ণারা। এশিয়ান কাপে প্রথম দুই ম্যাচ খেলা পর্যন্ত এখানেই অনুশীলন করবে দল। একই ভেন্যুতে অনুশীলন করছে চাইনিজ তাইপেও। এশিয়ান কাপের জন্য আয়োজক অস্ট্রেলিয়া মোট চারটি অনুশীলন মাঠের ব্যবস্থা করেছে। টুর্নামেন্টের ভেন্যুগুলো মধ্যে সিডনির জুবিলি স্টেডিয়ামই সবচেয়ে মানসম্মত ও আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন। গতকালের অনুশীলন শেষে মাঠের প্রশংসা করে দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা বলেন, ‘এত সুন্দর মাঠ, এত সবকিছু সাজানো গোছানো... আসলে মাঠ দেখেই আমাদের খেলোয়াড়দের মন ভালো হয়ে গেছে। তারা চাচ্ছিল ট্রেনিংয়ের সময়টা আরও বেশি হলেও করতে। যেহেতু আমরা নির্দিষ্ট সময় পেয়েছি, সবকিছু ঠিক ছিল।’ সিডনিতে নামার পর শুরুর দিকে প্রচণ্ড গরমে কিছুটা অস্বস্তিতে ছিল দল। তবে গত দুই দিন ধরে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। অনন্যা জানান, ‘কখনো রোদ, কখনো বৃষ্টি-আবহাওয়া এখন এমনই। তবে মেয়েরা এর সঙ্গেই মানিয়ে নেয়ার চেষ্টা করছে।’ দলে ছোটখাটো কিছু চোট থাকলেও তা নিয়ে খুব একটা চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট। সহকারী কোচ বলেন, ‘দলের সবাই ভালো আছে। হালকা ইনজুরি আছে ঠিকই, তবে ফিজিওর তত্ত্বাবধানে রিকভারি চলছে। সবাই সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।’ অনুশীলন শেষে বাংলাদেশ দল আনুষ্ঠানিক টিম হোটেল পার্ক রয়্যালে ওঠে। আগামী ৩রা মার্চ সিডনিতে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের মূল লড়াই শুরু করবে বাংলাদেশ। ৬ই মার্চ দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ উত্তর কোরিয়া। এরপর ৯ই মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে পিটার বাটলারের শিষ্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন