যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমে ইতিমধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছে ইন্টার মায়ামি। তবে প্রাক মৌসুমের একটি ম্যাচ বাকি ছিল ফ্লোরিডার ক্লাবটির। লিওনেল মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোতে ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ের বিপক্ষে ম্যাচটি স্থগিত করা হয়। মেসি কথা দিয়েছিলেন, সুস্থ হয়ে উঠে সুযোগ বুঝে ম্যাচটি তিনি খেলবেন। সেই কথা রেখে বৃহস্পতিবার মাঠে নামে মেসিবাহিনী। আর্জেন্টাইন অধিনায়কের গোলে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় মায়ামি। এ ম্যাচের মধ্য দিয়ে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি সফরের সমাপ্তি ঘটলো। মূলত ১৩ই ফেব্রুয়ারি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আগের একটি প্রীতি ম্যাচে মেসি হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় সেটি স্থগিত করা হয়। এদিকে, গত শনিবার লস অ্যানজেলেসের কাছে ৩-০ গোলে হেরে এমএলএসের নতুন মৌসুম শুরু করে মায়ামি। তবুও শুধু প্রতিশ্রুতি রক্ষা করতেই পুনর্নিধারিত তারিখে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচটি আয়োজন করা হয়। ম্যাচটি স্থগিত ঘোষণার আগে একটি ভিডিও বার্তায় মায়ামির বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘পুয়ের্তো রিকোর মানুষ এবং যারা অনুশীলন ও ম্যাচ দেখতে আসবেন, তাদের উদ্দেশে বলছি, ইকুয়েডরে শেষ ম্যাচে আমার পেশিতে টান লাগে এবং মাঠ ছাড়তে হয়। আয়োজকবৃন্দ ও ইন্টার মায়ামির সঙ্গে আলোচনা করে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করি, ভবিষ্যতে ফের দেখা হবে। সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।’ এরপর ক্লাব কর্তৃপক্ষ জানায়, এমএলএস নিয়মিত মৌসুম চলাকালীনই ম্যাচটি আয়োজন করা হবে। আগামীকাল ওরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের স্রেফ ৭২ ঘণ্টা আগে মাঠে নামে মায়ামি। এর আগে কোচ হাভিয়ের মাসচেরানো জানান, পুরো স্কোয়াডকেই ব্যবহার করবেন তিনি। আর্জেন্টাইন কোচ বলেন, ‘যারা প্রাক-মৌসুম ও আগের ম্যাচে কম সময় পেয়েছে, এ ম্যাচটি তাদের সুযোগ করে দেবে। আমরা চেষ্টা করব সবাইকে কিছু না কিছু সময় দেয়ার।’ সে অনুযায়ী দেল ভায়ের বিপক্ষে শুরুর একাদশে নামেন লুইস সুয়ারেস, রোকো রিওস নোভো, মোরালেস ও ফাকুন্দো মুরাসহ একাধিক খেলোয়াড়, যারা লস অ্যানজেলেসের বিপক্ষে খুব কম বা একেবারেই সময় পাননি। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। তার সঙ্গে নামেন রদ্রিগো ডি পল ও তেলাস্কো সেগোভিয়া। নতুন মুখ জার্মান বেরতেরামেও খেলেন এদিন। পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করে দর্শকদের উচ্ছ্বাস কুড়ান মেসি। আর্জেন্টাইন মহাতারকা যতবার পায়ে বল পেয়েছেন, প্রতিবারই গ্যালারি থেকে তার নামে স্লোগান ভেসে এসেছে। ম্যাচের শেষদিকে কয়েকজন সমর্থক মাঠে ঢুকে পড়লে কিছুটা হট্টগোল তৈরি হয়। তাদের মধ্যে দু’জন তো মেসির সঙ্গে সেলফি তুলতেও সক্ষম হন। এই সময় একটু বিব্রত চেহারায় দেখা যায় মায়ামি অধিনায়ককে। এক পর্যায়ে তাদের থেকে বাঁচাতে গিয়ে এক নিরাপত্তারক্ষী মেসিকে ফেলেও দেন। কিছুটা বিরক্তি নিয়ে উঠে দাঁড়াতে দেখা যায় রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারকে।
প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে জোড়া গোল মেসির
স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
