পাকিস্তানের ইসলামাবাদে কাভা পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল লিয়াকত জিমনেসিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে ওঠে লাল-সবুজ প্রতিনিধিরা। উজবেকিস্তান ভলিবল দলকে কোনো সুযোগ দেয়নি তারা। সরাসরি সেটে (২৫-২১, ২৫-২০, ২৫-১৯) হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে। এটি টুর্নামেন্টে বাংলাদেশের পঞ্চম জয় । শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ইসলামাবাদে ফাইনাল খেলা হবে আজ দুপুর ২টায়। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে হারায় পাকিস্তান (২৫-১৮, ২৫-১০, ২৫-২১)।
এর আগে ২০২২ সালে কাভা পুরুষ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। সেই স্মৃতি ছাপিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলার সুযোগ লাল-সবুজ প্রতিনিধিদের। পাকিস্তান ভলিবল ফেডারেশন আয়োজিত এবারের টুর্নামেন্টে মোট ৬টি দল অংশ নেয়।
জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে সরাসরি ৩-০ সেটে হেরে যায়। এরপর কেবল ঘুরে দাঁড়ানোর গল্প। তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়ে ছন্দে ফেরে বাংলাদেশ। একই ব্যবধানে নেপালকেও হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম দুই সেটে ২৪-২৬ ও ২৪-২৬ পয়েন্টে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে পরের তিন সেট ২৫-২৩, ২৫-২১ ও ১৫-১২ পয়েন্টে জিতে জিতে নেয় বাংলাদেশ। ছয় দলের রাউন্ড রবিন লীগে দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। আর অপরাজিত থেকে লীগ শেষ করা স্বাগতিক পাকিস্তান ছিল শীর্ষে। গ্রুপ পর্বে দারুণ খেলা বাংলাদেশ সেমিফাইনালেও দারুণ খেলা উপহার দেয়।
